বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। ঢাকাই চলচ্চিত্রের নতুন নেতৃত্ব নির্ধারণের এই মহোৎসবে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন। বিদায়ী মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবার নির্বাচনে অংশ না নেওয়ায় সংগঠনটি সম্পূর্ণ নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন কমল পাটেকার।
এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
অন্যদিকে, দ্বিতীয় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয়। সহ-সভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন জাদু আজাদ।
এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।
এছাড়া স্বতন্ত্র পদে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন নৃত্য পরিচালক ইউসুফ খান। কার্যনির্বাহী সদস্য পদে আছেন আন্না, তাহমিনা হোসেন বেবী, পলাশ খান, স্বপ্ন কাশেম ও হোসনে আরা রিয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচন পরিচালনার কমিশনার হিসেবে আছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি এইচ নিশান।

