কলকাতার নন্দনে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে নবম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে মোট ১০৭ টি সিনেমা দেখানো হবে। আর এই উৎসবটিতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়ে প্রদর্শিত হয়েছে প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা হতে অনুপ্রাণিত হয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ আলোচিত নির্মাতা জীবন শাহাদাৎ।
গত মঙ্গলবার উৎসবে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। প্রদর্শনীর সময় উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা জীবন শাহাদাৎ। তিনি জানান, উৎসবে আগত দর্শকদের কাছে চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসিত হয়েছে। অধিকাংশ দর্শক চলচ্চিত্রের গল্পে দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ চললাকালীন পরবর্তী দেশ ছেড়ে যাবার স্মৃতিতে স্মৃতিকাতর হয়েছেন।
এ সম্পর্কে জীবন শাহাদাৎ কলকাতা থেকে মুঠোফোনে বলেন, ‘আসলে দুই বাংলার সম্পর্ক আত্মার ও আবেগের। আমি চেষ্টা করেছি চলচ্চিত্রের ভেতরে জীবনের গল্প তুলে ধরতে। আর নিঃসন্দেহে চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া সহ উৎসব আয়োজন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

