শুরু থেকেই সমালোচনার হাত ধরে হাঁটছে ‘টক্সিক’। কটাক্ষের জালে সিনেমাটির মুক্তিপ্রাপ্ত গানও। নিস্তার পাচ্ছেন না কিয়ারা আদভানিও। গানে যশের সঙ্গে শারীরিক দৃশ্যগুলোর কারণে কথার বাণে জর্জরিত তিনি। তবে থেমে যাননি। দিয়েছেন পাল্টা জবাব।
মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর প্রথম গান ‘তবাহি’-এ শারীরিক উন্মাদনায় মাততে দেখা গেছে কিয়ারা-যশকে। কখনো গাড়িতে মিলতে দেখা গেছে। আবার কখনো সৈকতে মাখামাখি হতে দেখা গেছে দুজনকে।
সেসব নেটিজেনদের একটি অংশ ভালোভাবে নিলেও অনেকেই মেতেছেন সমালোচনায়। কারো মতে, অ্যাকশনধর্মী সিনেমার প্রথম ঝলক হিসাবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারো মতে, এটি অ্যাকশন সিনেমার প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। অনেকেই কিয়ারাকে এক হাত নিয়েছেন।
এদিকে, কটাক্ষকারীদের বাণে বিদ্ধ হয়েও চুপ নেই কিয়ারা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডের বহু সিনেমাতে রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এই ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি।
এরই মধ্যে একাধিকবার মুক্তির তারিখ বদলেছে ‘টক্সিক’। শেষ ঘোষণানুযায়ী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পরিচালক গীত- মোহনদাস। এতে আরও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

