ঢালিউডে একদম নতুন এক জুটির ধামাকা! এই প্রথমবার রূপালী পর্দার হার্টথ্রব আরিফিন শুভ এবং ছোট পর্দার মিষ্টি মেয়ে কেয়া পায়েল আসছেন একসঙ্গে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’–এ দেখা যাবে এই ফ্রেশ জুটিকে। চিরচেনা অ্যাকশন বা রাফ অ্যান্ড টাফ অবতার ছেড়ে শুভ এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রোমান্টিক-কমেডি চরিত্রে। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটা প্রতিফলন পাওয়া যাবে ফিল্মে। আমি আশাবাদী যে দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।’
এতে আরিফিন শুভ অভিনয় করছেন আনিস চরিত্রে। সচরাচর অ্যাকশন লুকে বা আলফা মেইল হিসেবে তাকে দেখা যায়। কিন্তু ‘হ্যাপিলি ম্যারিড’ ফিল্মে তাকে দেখা যাবে সিগমা মেইল (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) চরিত্রে।
আরিফিন শুভ বলেন, ‘উনিশ২০–এর পর চরকির সঙ্গে নতুন কাজ করছি। রম–কম ঘরানার কাজ এটা। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে কাজ করিনি। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন না এটা।’
আরিফিন শুভ আরও জানান, তার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।
কেয়া পায়েল বলেন, ‘বেশ কিছু কারণে খুব ভালো লাগছে, প্রথমত আমার সহশিল্পী আরিফিন শুভ ভাই। চরকি ও পরিচালকের সঙ্গে প্রথম কাজ। আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। আর আমার অভিনয়ের অনেকগুলো লেয়ার আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে, দর্শক আমাকে অনেক ভাবেই দেখেছেন, আবারও একটু ভিন্নভাবে দেখবেন।’
পরিচালক জাহিদ প্রীতম আশা প্রকাশ করেন, সমকালীন জীবনের গল্পে নির্মিত এই ফিল্মটি দর্শকদের মনে দাগ কাটবে।

