ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষিজমির মাটি কাটছে একটি চক্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:৫৪ এএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দিন-রাতে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। অর্থের বিনিময়ে অথবা হুমকি দিয়ে জমির মালিকদের কাছ থেকে এসব মাটি নিচ্ছে একটি চক্র। গভীর করে মাটি কাটায় ভাঙনের ঝুঁকিতে পড়ছে পাশের ফসলি জমিও। আবার মাটি পরিবহনে শতাধিক ট্রাক দিন-রাত চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলোও। প্রশাসনের অভিযানে মাটি কাটা সাময়িকভাবে বন্ধ হলেও সুযোগ বুঝে আবারও প্রভাবশালীদের ছত্রছায়ায় শুরু হয় মাটি কাটা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র উপজেলার চরাঞ্চলে উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও চরআবাবিল ইউনিয়নের অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এসব ইউনিয়নের মূল সড়ক থেকে অন্তত দেড় কিলোমিটার ভেতরের জমিগুলো থেকে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে ট্রাকে ভরে এসব মাটি সড়কপথ ইটভাটাগুলোতে নেওয়া হয়। এতে একদিকে সড়কগুলো ভেঙে বেহাল অবস্থায় পরিণত হচ্ছে অন্যদিকে ওইসব সড়কে সামান্য বাতাসে বা যানবাহন গেলেই ধুলাবালু উড়ে সড়ক অন্ধকার হয়ে যায়। এতে সড়কপথে যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, যারা মাটি কাটা, ড্রাম্প ট্রাক ও ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করেন, তাদের সবাই প্রভাবশালী এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। প্রতিবাদ করলেই মার খেতে হয়। প্রশাসন মাঝে মধ্যে গাড়িচালকসহ ভাটার জরিমানা করলেও মূল প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া মাটি বিক্রি বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, চরাঞ্চলে অবৈধভাবে মাটি কেটে বিক্রির বিষয়টি প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। এ ছাড়াও আটটি ড্রাম্প ট্রাক জব্দ করে কয়েক জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।