ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষককে গলা কেটে হত্যার পর জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:২৮ এএম

নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজশিক্ষক ও বিএনপি নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেজাউল করিমর সমর্থক এবং ক্ষুব্ধ জনতা প্রতিবেশী মুদিদোকানি আব্দুল ওহাবের বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়া (৭০) নিহত হয়েছেন।

নিহত শিক্ষক রেজাউল করিম। তিনি উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী ব্যাপারীর ছেলে এবং বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। এ ছাড়া, তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে কিছু দূরে তার পুকুরের উদ্দেশে বের হন। কিন্তু ফিরে না আসায় স্বজনেরা তাকে খুঁজতে বের হন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় তার গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে হত্যাকা-ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয়। রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা একই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভাঙচুর শেষে বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভস্মীভূত ঘর থেকে বৃদ্ধা ছাবিহা বেগমের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল), সিংড়া থানার ওসি, সেনা ক্যাম্পের ক্যাপ্টেনসহ সেনা ও পুলিশ সদস্যরা।

নিহতের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী বলেন, তার ছোট ভাই কলেজের শিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করার কারণেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা জঘন্যতম এই হত্যাকা- ঘটিয়েছে।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা ও মুখম-লে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। কে বা কারা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে। আর বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে এক বৃদ্ধা মারা গেছেন। এসব বিষয়ে তদন্ত চলছে।

এদিকে রেজাউল করিম হত্যাকা-ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।