রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় নাটোরের আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি লালমনিরহাট জেলায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

