কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। গতকাল রোববার দুপুরে হোসেনপুর বাজারের সবজি মহল এলাকায় তিনি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ফল, চাল, মাংস ও মসলার দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, ‘রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং হোসেনপুর থানার সদস্যরাও উপস্থিত ছিলেন।

