ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে তিন আরাকান আর্মি আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:১০ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটকের পর তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে তিন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজনকে আটক করার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এখনো জানানো  হয়নি।