কক্সবাজারের চকরিয়ায় নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যায়। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর গ্রামসংলগ্ন বেড়িবাঁধের পাশে মাতামুহুরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ মৌলভীরচর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা জান্নাত (১২) এবং একই এলাকার আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)। নিহত মায়মুনা জান্নাতের বাবা জামাল উদ্দিন জানান, কয়েকজন বান্ধবী মিলে নদীতে গোসল করতে যায় তারা। নদীতে নামার কিছুক্ষণ পর অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্ত ও চোরাবালিতে তলিয়ে যায় দুই কিশোরী। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে পারলেও মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আওতাধীন মৌলভীরচর এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরেও এসব গর্তে তলিয়ে গিয়ে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়রা দুই কিশোরীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মনির হোসাইন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

