ময়মনসিংহের ভালুকায় ইফতারে মোরগ-পোলাও খেয়ে অর্ধশতাধিক গার্সেন্টস শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থদের ২৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভালুকার মাস্টারবাড়ি এলাকার গ্লোবাল সুজ কারখানায় ইফতারে মোরগ-পোলাও খাওয়ার পর অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচ-এর পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খান শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্লোবাল সুজের শ্রমিকরা সন্ধ্যায় ভালুকার খান হোটেল থেকে ইফতার করার জন্য লাল মোরগ পোলাও ও সাদা মোরগ পোলাও নেন। ইফতারে সাদা মোরগ পোলাও খাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের কারো কারো বমি, পেট ব্যথা, টয়লেটে যাওয়ার ঘটনা ঘটে। পরে অবস্থার অবনতি হলে অন্য শ্রমিকরা অসুস্থদোর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ২৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে মোরগ পোলাও দেওয়া হয়। খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, মোরগ পোলাও খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অসুস্থদের মধ্যে ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও দুজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন