ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামে প্রবাসী একরামুল হকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাজেদা আক্তার স্বর্ণার দাবি, বিয়ের ১৫ দিন পর একরাম বিদেশে চলে যান এবং পরবর্তীতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ তালাকের ভয় দেখান। এমনকি একটি মানবাধিকার সংস্থার পরিচয়ে কিছু লোক তাকে হেনস্তার চেষ্টা করেছে বলেও অভিযোগ ওঠে।
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, একরাম ইতিপূর্বেও প্রথম স্ত্রীকে প্রতারণার মাধ্যমে বিচ্ছেদ দিয়েছেন। এদিকে, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন ভুক্তভোগীকে লিগ্যাল এইডের মাধ্যমে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। গত ১ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

