বরগুনার পাথরঘাটায় গভীর সমুদ্র ও নদ-নদীতে মাছ শিকারে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০০টি ট্রলারে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, ট্রলবক্স, ফার্স্টএইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ ১৪ ধরনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এতে প্রায় এক হাজার জেলে উপকৃত হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের সহযোগিতায় ‘ফিসনেট’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

