ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

ঐতিহাসিক হাতির বাগান মাঠ সংস্কারের দাবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:২৯ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠটি দিন দিন তার গুরুত্ব ও সৌন্দর্য হারাচ্ছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মাঠটি এখন অবহেলিত। এক সময় খেলাধুলা, শরীরচর্চা ও বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই মাঠটি এখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই মাঠের খানাখন্দে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় বৃষ্টির পানি নামতে কয়েকদিন সময় লেগে যায়। এতে ওই সময় মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

স্থানীয়রা বলেন, মাঠটি একসময় পরিবার-পরিজন নিয়ে বিকেলে সময় কাটানোর উত্তম জায়গা ছিল। কিন্তু বর্তমানে মাঠের চারপাশে অপরিকল্পিতভাবে ফুচকা, চটপটিসহ বিভিন্ন অস্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছে। এতে একদিকে যেমন মাঠের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দর্শনার্থী ও খেলোয়াড়দের চলাচলেও বিঘœ সৃষ্টি হচ্ছে। গ্যালারিসহ মাঠের অন্যান্য অবকাঠামোও এখন জরাজীর্ণ।

স্থানীয় সচেতন মহলের মতে, হাতির বাগান মাঠটি শিবচরের মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। তারা মাঠটির আধুনিকায়নের জন্য কয়েকটি জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। সেগুলো হলোÑ মাঠের মাটি সমানকরণ ও উঁচু করা, স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, মাঠের চারপাশের অবৈধ ও অপরিকল্পিত দোকান উচ্ছেদ বা নির্দিষ্ট স্থানে স্থানান্তর এবং গ্যালারি সংস্কার এবং সৌন্দর্যবর্ধন করা।

এলাকাবাসীর মতে, মাঠটি সংস্কার করা হলে তরুণ প্রজন্ম যেমন খেলাধুলায় উদ্বুদ্ধ হবে, তেমনি সাধারণ মানুষের হাঁটাচলা ও বিনোদনের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে। ঐতিহাসিক এই মাঠের হারানো গৌরব ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এবং কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।