সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল জুমার নামাজের সময় দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুসল্লিরা মসজিদের মূল ফটক আটকে ভেতরে অবস্থান নেন এবং এ সময় ইবাদতে চরম বিঘœ ঘটে।
বারইয়া গ্রামের বাসিন্দাদের ভাষ্য মতে, সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া দীর্ঘদিন ধরে তার পছন্দের লোক দিয়ে মসজিদ কমিটি পরিচালনা করে আসছিলেন। সাধারণ গ্রামবাসীদের একটি বড় অংশ এই কমিটির ওপর অনাস্থা প্রকাশ করায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে গতকাল জুমার নামাজ শুরুর আগে কথা-কাটাকাটি থেকে শুরু হওয়া ঝগড়া একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
স্থানীয় মিজানুর রহমান অভিযোগ করেন, ঝগড়ার সময় কাউন্সিলর গোলাম আউলিয়া ও তার লোকজন প্রথমে মসজিদ থেকে বের হয়ে যান এবং পরে পরিকল্পিতভাবে লাঠি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালাতে ফিরে আসেন। এ সময় গ্রামের মহিলারাও দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় কাউন্সিলরের লোকজন। পরিস্থিতি বেগতিক দেখে থানায় খবর দিলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় অভিযুক্ত সাবেক কাউন্সিলর গোলাম আউলিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রূপু কর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মসজিদ চত্বরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

