ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আসামি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৩১ এএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সান্তাহার লকু কলোনি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহবধূ নিজেই বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সাহেদুল, রুনা বেগম, মিঠু ও হৃদয়কে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এক তরুণীর নিখোঁজ হওয়ার জেরে ওই দম্পতিকে ডেকে এনে মারধর করা হয়। একপর্যায়ে স্বামীকে তাড়িয়ে দিয়ে গৃহবধূকে একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে সাহেদুল ও আজান আলী তাকে ধর্ষণ করে। গতকাল শনিবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।