নওগাঁর বদলগাছী উপজেলায় শ্মশানঘাটের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোলা ইউনিয়নের একটি শ্মশানঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি সাহেব আলী (৩৫), তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সুশীল চন্দ্র নামে এক ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান বলে জানা গেছে। পরে এলাকাবাসীর মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

