সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মাথা বের করে দেখতে গিয়ে ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে প্রচ- ধাক্কা লেগে এক অজ্ঞাতপরিচয় তরুণ রেলযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া স্টেশনে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর। তার পরনে ছিল অফহোয়াইট রঙের টিশার্ট ও ট্রাউজার। ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এটি দ্রুতগতিতে যাওয়ার সময় ওই যাত্রী জানালা দিয়ে মাথা বের করেন। এ সময় তিনি প্ল্যাটফর্মের ওভারব্রিজের পিলারের সঙ্গে সজোরে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মাথা থেঁতলে গিয়ে মৃত্যু হয়।

