বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজকৃত পুকুরে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুঁড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের ওই পুকুরে পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি পুকুর পাহারা দিচ্ছিলেন। পরদিন সকালে তাকে ফোনে একাধিকবার কল করেন মালিক আব্দুর রশিদ। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি পুকুরে গিয়ে শফিকুল ইসলামের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান।

