ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:২৫ এএম

নাটোরের সিংড়ায় চলনবিলে ধান কাটার সময় চাল ও পানি খেয়ে আটজন কৃষি শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গাড়াবাড়ি গ্রামের মাঠে ধান কাটার কাজ করছিলেন একদল শ্রমিক। দুপুরের তীব্র রোদে পিপাসা মেটাতে তারা জমির মালিক আব্বাস আলীর দেওয়া চাল ও পানি পান করেন। খাবার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, প্রচ- মাথাঘোরা এবং শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দেয়। একে একে আটজন শ্রমিক মাঠেই লুটিয়ে পড়লে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থরা হলেন- মো. আনোয়ার (৩০), আজাদ (৪০), রমিজুল (৩৮), ইয়াসিন (২৫), ইউসুফ (২৬), হাসেম (৪০), মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তারা সবাই গাড়াবাড়ি গ্রামের বাসিন্দা।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখে মনে হচ্ছে এটি ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার ঘটনা। তবে বর্তমানে অধিকাংশ শ্রমিকই বিপদমুক্ত।

ঘটনার পর থেকে জমির মালিক আব্বাস আলীর বক্তব্য জানতে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খাবারে কীভাবে বিষাক্ত উপাদান মিশল, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।