ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরে দুই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:১৭ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুরে পারুলিয়া খাল এবং রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খালের পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে নেওয়া এ উদ্যোগে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল শনিবার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইউজিপিপি কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলি জমে খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল। কৃষিজমি তলিয়ে যাওয়া, চলাচলে বিঘœ এবং দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি ছিল নিয়মিত ঘটনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উজ্জ্বল বলেন, ইউজিপিপি কর্মসূচির আওতায় পারুলিয়া খালের ৩ দশমিক ৪৫০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৮ টাকা এবং বিন্দাই খালের ২ দশমিক ৪০ কিলোমিটার অংশে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ২০ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল দুটি দীর্ঘদিন ধরে ভরাট থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো। খননকাজ শেষ হলে এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বলে তারা আশা করছেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।