কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং মাথায় আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের বোন কহিনুর আক্তার বলেন, ‘ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই সে মারা যায়।’ নয়ন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা ও ভাই-বোন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকা- ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে; ময়নাতদন্ত শেষে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

