কক্সবাজারের টেকনাফ উপজেলার হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি হলেনÑ হাজমপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. ইসহাক। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান। তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপি থেকে প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণে হাজমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুত রাখা হয়েছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি আভিযানিক দল মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে মো. ইসহাকের নানার বসতঘর ও আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইসহাক পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ঘটনাস্থল থেকেই আটক করেন। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে তিনি এসব মাদকদ্রব্য সংগ্রহ করে মজুত রেখেছিলেন। আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

