ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে নিখোঁজের চারদিন পর কক্সবাজারে উদ্ধার শিশু সৌরভ

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৩০ এএম

বরিশালের ভাটিখানা এলাকার সেই বিকেলটা আজও ভুলতে পারছেন না সৌরভের মা। ঘরে রান্না হয়নি, তাই পাশের বাজারে খিচুড়ি আনতে পাঠানো হয়েছিল ১৪ বছরের কিশোর সৌরভ দাশকে। হাতে ছিল ছোট্ট একটি পাত্র, মুখে ছিল দ্রুত ফিরে আসার আশ্বাস। কিন্তু সেই যাওয়া যেন শেষ না হওয়া অপেক্ষায় পরিণত হয়েছিল পরিবারের জন্য। চারদিন ধরে সন্তানের খোঁজে দিশাহারা পরিবার, স্বজনদের কান্না আর থানায় থানায় ছুটে বেড়ানোর পর অবশেষে মিলল স্বস্তির খবর। বরিশাল থেকে নিখোঁজ হওয়া সৌরভকে উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এক কিশোরকে সন্দেহ হয় দায়িত্বরত পুলিশ সদস্যদের। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানায়। তবে আতঙ্ক ও ক্লান্তির কারণে সে বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছিল না।

এটিএম সিফাতুল মাজদার জানান, শিশুটি তার এলাকার কিছু অস্পষ্ট তথ্য দিলে পুলিশ গুগল ম্যাপের সহায়তা নেয়। একপর্যায়ে ম্যাপে একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখে সেটি চিনতে পারে সৌরভ। এরপর কাউনিয়া থানার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। খবর পেয়ে বুধবার রাতেই বরিশাল থেকে ঈদগাঁও থানায় ছুটে আসেন সৌরভের পরিবারের সদস্যরা। দীর্ঘ চারদিন পর ছেলেকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। সন্তানের মুখে হাত রেখে তারা বলেন, ‘তুই ফিরে এসেছিস, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’ পরিবার সূত্রে জানা যায়, গত ২ মে দুপুরে খিচুড়ি আনতে বাড়ি থেকে বের হয় সৌরভ। এরপর আর ফিরে না আসায় পরদিন কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৪) করা হয়। নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার রাত ৮টার দিকে আইনি প্রক্রিয়া শেষে সৌরভকে পরিবারের কাছে হস্তান্তর করে ঈদগাঁও থানা পুলিশ। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়ে পুরো পরিবার। এদিকে, মানবিকতা ও তৎপরতার সঙ্গে কাজ করে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনেরা।