বগুড়ার ধুনটে মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতার মারধরে শফিকুল ইসলাম খান (৫০) নামে এক বিএনপি কর্মী জখম হয়েছেন। গত বুধবার সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে তার ছেলে সোহান খানকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক শরিফুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে এলাকায় একটি লেয়ার মুরগির খামার পরিচালনা করছেন। ওই খামারের বিষ্ঠার দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়া এবং ফসলি জমির ক্ষতি হওয়ার অভিযোগ তুলে আসছিলেন প্রতিবেশী শফিকুল ইসলাম। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতিপূর্বে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খোকন লোহার রড ও বাটাম দিয়ে শফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় হামলাকারীরা তার একটি শ্যালো মেশিনও ভাঙচুর করেন। আহত শফিকুলের চিৎকার শুনে তার ছেলে সোহান এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শফিকুলের চাচাতো ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম খোকন ও তার ভাই খায়রুজ্জামানকে বিবাদী করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম খোকনের সঙ্গে মোবাইল ফেনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ধুনট থানার ওসি (তদন্ত) মো. আব্দুস শুকুর জানান, অভিযোগটি এখনও তার হাতে পৌঁছেনি। তবে অভিযোগ যেহেতু দেওয়া হয়েছে সেহেতু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

