ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধর্ষণের পর অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৪২ এএম

বগুড়া সদর উপজেলায় আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত ব্যক্তি মো. মাহফুজার রহমানকে (৫০) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহফুজার রহমান ভুক্তভোগীর দূর সম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত বছরের ৯ অক্টোবর বিকেলে ভুক্তভোগী কিশোরী তার দাদির সঙ্গে দেখা করতে শঠিবাড়ী গ্রামে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মাহফুজার কিশোরীকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জা ও ভয়ে কিশোরী এতদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে সে তার নানিকে সব খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত মাহফুজার ভুক্তভোগী পরিবারকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মাহফুজার রহমানকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।