সিলেটের বিশ্বনাথে প্রবাসফেরত যুবকের সবজিখেত রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক নুরুল আমিন (২৬)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। নিজের একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন দিশাহারা তরুণ এই কৃষি উদ্যোক্তা।
ক্ষতিগ্রস্ত নুরুল আমিন জানান, দীর্ঘদিন ওমানে থাকার পর দেশে ফিরে জীবিকার তাগিদে কৃষিকাজে মনোনিবেশ করেন তিনি। অন্যের জমি বর্গা নিয়ে এবার এক বিঘা জমিতে তিনি উন্নত জাতের ঢ্যাঁড়শ চাষ করেছিলেন। খেতে ফলনও হয়েছিল আশাতীত। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা শত্রুতাবশত তার পুরো খেতের ফলন্ত ঢ্যাঁড়শগাছ এবং পাশের বেশ কিছু কলাগাছ কেটে সাবাড় করে দেয়। গতকাল শুক্রবার বিকেলে খবর পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামের প্রবীণ মুরব্বি ফারুক আহমদ বলেন, নুরুল অত্যন্ত পরিশ্রমী এবং শান্ত স্বভাবের ছেলে। কারো কোনো ক্ষতি না করেও কেন তাকে এমন ক্ষতির মুখে পড়তে হলো, তা আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের বিষয়টি তারা অবগত হয়েছেন এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

