বগুড়ার ধুনটে ইউসুফ আলী বাবু (৩০) নামের এক মাদক কারবারিকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী বাবু ওই এলাকার বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি হাইস্কুলের পশ্চিম পাশে মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

