ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. নাঈম হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পটুয়াখালী-ঢাকা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নি.) মো. হারুনার রশিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় জিরোপয়েন্ট এলাকার মহাসড়কের পাশে বুরজুক আলী খানের ইজিবাইক গ্যারেজের সামনে থেকে নাঈম হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম হাওলাদার নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক (নি.) মো. হারুনার রশিদ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

