ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনলাইন জুয়ার দুই আস্তানায় অভিযান শীর্ষ কারবারিসহ গ্রেপ্তার ১৫

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৭ এএম

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে জেলার শীর্ষ অনলাইন জুয়াড়িসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং তরুণ সমাজকে ধ্বংসাত্মক জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার কাশোপাড়া (ফকিরপাড়া) এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে অনলাইন জুয়ার মূল হোতা হিসেবে পরিচিত সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানাকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ৫টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার দিনবনি হাড়িপাড়া এলাকায় ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত আরেকটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা অনলাইনে জুয়ায় মেতেছিল। সেখান থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

পৃথক দুই অভিযানে পুলিশ সর্বমোট নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি ডেস্কটপ কম্পিউটার (পিসি) এবং ১৬টি মনিটরসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই জুয়ার আস্তানাগুলো থেকে অনলাইনের মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেন হতো। পাশাপাশি এই কেন্দ্রগুলোতে বিভিন্ন অসামাজিক কর্মকা- পরিচালনারও তথ্য পাওয়া গেছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, তরুণ সমাজ ও পরিবার ধ্বংসকারী মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলাজুড়ে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।