শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে গত সোমবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইনি চিকিৎসক ডা. শামীম খাতুন পলি, আইডিএ পাবনা জেলা সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল শাখার সভাপতি সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভসহ অনেকে। বক্তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু কর্মস্থলে চিকিৎসকেরা আজ সবচেয়ে বেশি অনিরাপদ অবস্থায় রয়েছেন। তারা ডা. নাসিরের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

