কিশোরগঞ্জের ভৈরবে ১৮ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৭) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মসজিদপাড়া এলাকার আওয়াল মিয়ার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাঈদ আহমেদ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনে তল্লাশি করা হয়। এ সময় জুয়েল মিয়ার কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আখাউড়া থেকে গাঁজা নিয়ে ভৈরবে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

