খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং অপরজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাগুলো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গতকাল সোমবার সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, রোববার রাতে নাকাপার চাষিনগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা মেরামতের সময় পেছন থেকে একইমুখী দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হন এবং আরও একজন আহত হন।
নিহত শাহ আলম খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কাউছার পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

