গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তাকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ এলাকায় পরিণত করতে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে মাওনা হাইওয়ে থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সভায় ব্যবসায়ী, বাজার মালিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন মাওনা চৌরাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু অবৈধ পার্কিং, ফুটপাত দখল, রাস্তার ওপর দোকান বসানো, ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের বেপরোয়া চলাচল এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে এখানে নিয়মিত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস সময় ও সন্ধ্যায় ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া উড়ালসেতুর নিচে ও মহাসড়কের আশপাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ বাড়ছে বলে অভিযোগ ওঠে। কোথাও কোথাও বর্জ্যরে স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ড্রেন বন্ধ হয়ে বৃষ্টির সময় জলাবদ্ধতাও তৈরি হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মাওনা চৌরাস্তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও যোগাযোগ কেন্দ্র। এখানে যানজট ও বিশৃঙ্খলা কমাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শুধু প্রশাসনের পক্ষে একা এই সমস্যা সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, রাস্তার ওপর দোকান বসানো, যেখানে-সেখানে ময়লা ফেলা এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা বন্ধ করতে হবে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ সচেতন হলে মাওনাকে পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকায় রূপান্তর করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা, শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ, মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান এবং জেলা পুলিশের টিআই প্রশাসন মো. হামিদুজ্জামান।
মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রধানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাওনা চৌরাস্তার দীর্ঘদিনের যানজট, পরিবেশ দূষণ ও বিশৃঙ্খলার স্থায়ী সমাধান সম্ভব হবে।

