নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ভূমি সেবা নিতে এসে জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। ভূমি অফিসে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
খায়রুল কবির খোকন বলেন, ভূমি সেবার নামে অনেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

