ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৫৪ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের নিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীনকে আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। গত সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড ইউনিটের সদস্যসচিব মো. মজিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তার এই কর্মকা- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আদর্শের পরিপন্থি। তাই সংগঠনের গঠনতন্ত্রের ২৯ (ঙ) ধারা মোতাবেক তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মে জামায়াতে ইসলামীর একটি যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশের পর মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন প্রকাশ্যে জামায়াতে ইসলামীতে যোগদান করেন, যা স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশ এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে এই জরুরি সভা ডাকা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে জসিম উদ্দীনকে অনতিবিলম্বে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।