নওগাঁয় এক দূরপাল্লার বাসচালককে মারধরের ঘটনার প্রতিবাদে আকস্মিক বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বেলা ১০টার পর থেকে নওগাঁ থেকে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। হঠাৎ করে কোনো ধরনের নোটিশ ছাড়াই এই ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা পরিবহন’-এর একটি বাস নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে যাত্রী নামিয়ে বাসটি ঘোরানোর সময় স্থানীয় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক আকস্মিকভাবে বাসের চালককে মারধর করেন। পরবর্তী সময়ে বাসটি কাউন্টারে নিয়ে যাওয়া হলে ওই যুবকেরা সেখানে গিয়েও ভাঙচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, আকস্মিক এই ধর্মঘটে কাউন্টারগুলোতে এসে আটকা পড়েছেন শত শত যাত্রী। গাইবান্ধাগামী যাত্রী হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের জন্য একটু আগেভাগেই ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু কাউন্টারে এসে দেখি বাস বন্ধ। নওগাঁয় সামান্য কোনো ঘটনা ঘটলেই শ্রমিকেরা এভাবে আকস্মিক ধর্মঘট ডেকে আমাদের চরম ভোগান্তিতে ফেলে।
মুনিরা আক্তার নামের ঢাকাগামী আরেক যাত্রী বলেন, জরুরি কাজে আজই (গতকাল) ঢাকায় পৌঁছানো দরকার ছিল। কাউন্টারে এসে শুনছি বাস চলবে না। এখন কীভাবে যাব, কিছুই বুঝতে পারছি না।
এ বিষয়ে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফ ও চালককে কে বা কারা মারধর করেছে। এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে, তদন্ত শেষে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো যাবে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস চলাচল আবার স্বাভাবিক করতে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিবহন মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের মধ্যে জরুরি বৈঠক চলছে। আশা করা যাচ্ছে দ্রুতই সমাধান আসবে।

