ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে কাঁচা-পাকাসহ ২২টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ১.০৭ একর জমি অবমুক্ত করা হয়। পরে উচ্ছেদকৃত মালামাল প্রকাশ্য নিলামে ৫ লাখ ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা পিজুস চন্দ্র দে। এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মহাসড়কের ঝুঁকি কমাতে এই উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে বলে সওজ জানায়।

