ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বসতঘর থেকে বিশাল অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:৪৪ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা খলিল মিয়ার বাড়ি থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বিশাল আকৃতির ওই অজগরটি দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে এত বড় সাপ দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটি দেখতে ওই বাড়িতে ভিড় জমায়।

একপর্যায়ে আতঙ্ক ও উত্তেজনার বশে কয়েকজন গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মারার প্রস্তুতি নেন। তবে স্থানীয় এক সচেতন ব্যক্তি তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। পরে তারা উপস্থিত জনতাকে শান্ত করে অত্যন্ত সতর্কতার সঙ্গে কোনো ধরনের আঘাত ছাড়াই অজগরটিকে উদ্ধার করতে সক্ষম হন।

শ্রীমঙ্গল রেঞ্জ বন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দ্রুতই এটিকে নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।