পটুয়াখালীর দুমকিতে পাওনাদারদের টাকার চাপ সইতে না পেরে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাওলানা আবুল কালাম খান নামে এক সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও দলিল লেখক। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা আবুল কালাম খান শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং পেশায় একজন দলিল লেখক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি চরম আর্থিক সংকট ও দেনার দায়ে ভুগছিলেন। পাওনাদারদের টাকার তাগাদায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনার একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে ঘটনাস্থল থেকে নিহতের নিজের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে ছয়জন পাওনাদারের নাম উল্লেখ রয়েছে। পুলিশ জানিয়েছে, চিরকুটে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবুসহ উল্লিখিত ব্যক্তিদের নিজের মৃত্যুর জন্য দায়ী করে গেছেন নিহত আবুল কালাম।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

