ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:০৯ এএম

কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ধরলা ব্রিজ পূর্বপাড়ের আরাজি মৌজায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শত শত বসতবাড়ি, হাজারো মানুষের আবাসন এবং বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল কাদের জিলানী, ডা. শাহানুর রহমান, জাহিদ হাসান ও আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, শত বছরের পুরোনো বসতি এবং কৃষকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ফসলি জমি ধ্বংস করে কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা না করে দাবি জানান, এমন স্থানে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হোক যেখানে অনাবাদি ও পতিত জমি রয়েছে এবং সাধারণ মানুষ উচ্ছেদের শিকার হবে না।