ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত অন্তত ৩০

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:৫৪ এএম

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

নিহতদের মধ্যে নাবিল (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম জুনায়েদ। তিনি ফরিদপুর থেকে ফিরছিলেন বলে জানা গেছে। অন্য দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের মধ্যে চিৎকার-আর্তনাদ শুরু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অনেককে বাসের ভাঙা জানালা দিয়ে বের করে আনা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।