ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টিউমার অপসারণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:১৬ এএম

যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পান্নুর সুচিকিৎসায় নতুন জীবন পেয়েছেন প্রবাসী আব্দুল করিম ঠান্ডু (৩৮)। সাড়ে তিন ঘণ্টার জটিল অস্ত্রোপচারে তার পেট থেকে প্রায় ২০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। তিনি চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের বাসিন্দা। ফিজির সাবেক প্রবাসী ঠান্ডু মে মাসের শুরুতে পেটে প্রচ- ব্যথা অনুভব করেন। ঢাকার হাসপাতালে ঘুরেও সঠিক চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে তিনি ডা. পান্নুর শরণাপন্ন হন। পরীক্ষায় জানা যায়, তিনি ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্রোমাল টিউমার’-এ আক্রান্ত এবং বিশালাকার টিউমারটি নাড়িভুঁড়ির সঙ্গে পেঁচিয়ে আছে। গত ১৭ মে রাতে ডা. পান্নুর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে রোগী আশঙ্কামুক্ত ও স্বাভাবিক খাবার খাচ্ছেন। ডা. পান্নু জানান, অস্ত্রোপচারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।