আগামী জুন ২০২৬-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন দেশের জাতীয় পতাকা কিনতে ব্যস্ত হয়ে পড়েছে সমর্থকেরা। আর এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে হাট-বাজারে এখন ব্যস্ত সময় পার করছেন ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতারা। শহর থেকে গ্রামÑ সর্বত্রই এখন দেখা মিলছে রঙিন পতাকার সমারোহ। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, পর্তুগালসহ বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা কাঁধে নিয়ে এক বাজার থেকে আরেক বাজারে ঘুরে বেড়াচ্ছেন হকাররা। তাদের সংগ্রহে রয়েছে ছোট-বড় নানা আকারের পতাকা। দূর থেকেই নজর কাড়ছে রঙিন কাপড়ে তৈরি এসব পতাকা। দুপচাঁচিয়া পৌর এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ফুটপাত, রাস্তার মোড় ও জনসমাগমস্থলে দাঁড়িয়ে চলছে পতাকা বিক্রি।
কেউ হাঁকডাক দিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন, আবার কেউ মোটরসাইকেল কিংবা রিকশার পাশে দাঁড়িয়ে বিক্রির চেষ্টা করছেন। বিকেল থেকে রাত পর্যন্ত বাজারগুলোতে ফুটবলপ্রেমীদের আনাগোনাও বাড়ছে। পতাকা বিক্রেতা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার মৃত কুদরত আলীর ছেলে আবেদ আলী জানান, বিশ্বকাপ ফুটবল সামনে এলেই তারা প্রায় দুই মাস আগে থেকে বাড়িতে বিভিন্ন দেশের পতাকা তৈরি শুরু করেন।

