ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কদম ফুলে মুগ্ধ বর্ষার প্রকৃতি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৮ পিএম

বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ বৃষ্টি আর স্নিগ্ধ বাতাসের সঙ্গে গ্রামবাংলার প্রকৃতিতে যোগ হয় এক অনন্য সৌন্দর্যÑ কদম ফুল। গোলাকার হলুদ-সাদা রঙের এই ফুল বর্ষার দূত হয়ে চারদিকে ছড়িয়ে দেয় মুগ্ধতা ও ভালোবাসার বার্তা।

বাংলার সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে কদম ফুলের বিশেষ স্থান রয়েছে। কবিদের কবিতা, শিল্পীদের গানে এবং প্রেমিক হৃদয়ের অনুভূতিতে কদম ফুল বরাবরই এক আবেগের নাম। বর্ষার দিনে কদম গাছের ডালে ডালে ফুটে থাকা ফুল যেন প্রকৃতির হাসিমুখ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাতার ভিড়ে ছোট ছোট সোনালি গোলক ঝুলে আছে।

গ্রামাঞ্চলের পথঘাট, নদীর পাড় কিংবা শহরের পার্কÑ সবখানেই কদম ফুল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বৃষ্টিভেজা সকালে কদম ফুলের মৃদু সুবাস মনকে প্রশান্ত করে তোলে। শিশু-কিশোররা আনন্দে ফুল কুড়িয়ে নেয়, আবার অনেকে ঘর সাজাতেও ব্যবহার করেন এই ফুল।

পরিবেশবিদদের মতে, কদম গাছ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ গাছ ছায়া দেয়, বাতাস বিশুদ্ধ রাখে এবং বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তাই প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কদম গাছ রোপণ ও সংরক্ষণ অত্যন্ত জরুরি।

দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষক সুদেব কুমার কু-ু এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিপ্লব কুমার মহন্ত বলেন, ‘বর্ষার আগমনী বার্তা বহনকারী কদম ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়; এটি মানবজীবন, দর্শন ও চিকিৎসাবিজ্ঞানের সঙ্গেও গভীরভাবে জড়িত। প্রাচীনকাল থেকেই দার্শনিক, কবি ও প্রকৃতিপ্রেমীরা কদম গাছকে প্রশান্তি, ভালোবাসা ও জীবনের চিরন্তন সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনা করে আসছেন।’ তারা আরও বলেন, আধুনিক গবেষণাতেও কদম গাছের নানা ভেষজ গুণাগুণের বিষয় উঠে এসেছে। কদম গাছের বৈজ্ঞানিক নাম নেওলামারকিয়া কাদম্ব। এর ছাল, পাতা, ফুল ও ফলে রয়েছে বিভিন্ন ঔষধি উপাদান।

আয়ুর্বেদিক চিকিৎসক হযরত আলী বলেন, ‘কদম গাছের ছালে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক উপাদান রয়েছে। লোকজ চিকিৎসায় এটি জ্বর, ত্বকের বিভিন্ন সমস্যা ও ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে। গ্রামীণ এলাকায় এখনো অনেক মানুষ কদম পাতার রস ছোটখাটো রোগের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করেন।’

বর্ষার আগমনে কদম ফুলের সৌন্দর্য যেন বাংলার প্রকৃতিকে নতুন প্রাণ দেয়। প্রকৃতিপ্রেমীদের কাছে এই ফুল শুধু একটি ফুল নয়; বরং এটি বর্ষার আবেগ, ভালোবাসা ও নির্মল সৌন্দর্যের এক অনন্য প্রতীক।