ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামের ওপর দিয়ে প্রবাহিত যমুনা খাল খননের নামে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করা এবং নিয়মবহির্ভূতভাবে মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে ভিটিবিশাড়া এলাকার খননকৃত খালসংলগ্ন খলাঘাট সেতুর ওপর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, জমির মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বিল্লাল সরকার, সাইদুল ইসলাম (ফটো), তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল আমিন, আবু মুসা ও লতিফ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সীমিত আবাদি জমিই তাদের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু খাল খননের নামে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করছে। এতে খালের দুই পাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙনের কারণে বসতবাড়িও ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক করতে খাল খননের উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে প্রকল্প বাস্তবায়নে যথাযথ নিয়মনীতি অনুসরণ করতে হবে। খাল খননের আড়ালে কৃষিজমি ধ্বংস কিংবা মাটি বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ, প্রকল্পের কাজ শুরুর আগে স্থানীয় কৃষক ও জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। এমনকি প্রকল্পের নকশা, ব্যয়ের হিসাব ও প্রাক্কলন (এস্টিমেট) দেখতে চাইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখাতে রাজি হয়নি।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর বলেন, ‘মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে।’ তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন