ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৪১ এএম

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফয়’স লেক এলাকার ‘রয়েল পার্ক’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেনÑ মো. রিপন (৫০) ও সোনিয়া আক্তার (৩৩)। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী। রিপন নগরীর লালখান বাজারের ঢেবারপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় ফল বিক্রেতা ছিলেন। সোনিয়া আক্তার গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রিপন ও সোনিয়া স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। রাতে তাদের একসঙ্গে খাবার খেতে দেখা যায়। পরদিন সকাল ৭টার মধ্যে কক্ষ ছাড়ার কথা ছিল। সোমবার সকালে কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে হোটেলের এক কর্মচারী ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি রিপনকে ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়াকে খাটে শায়িত অবস্থায় দেখতে পান। সোনিয়ার মুখে ফেনা ছিল বলে জানা গেছে। খবর পেয়ে আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আকবরশাহ থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’ পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।