পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল হক ঘরামি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল একই ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের মো. ইউসুফ আলী ঘরামির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই শাহিনুর রহমান, এসআই সঞ্জিব ঢালী ও এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, আজিজুল গ্রেপ্তার হলেও এলাকায় আরও কয়েকজন মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

