ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব। কর্মশালায় গ্রাম আদালতের গঠনপ্রণালি, কার্যাবলি, সুবিধা এবং সংশ্লিষ্ট আইন-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।

