কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকা-ে ১০৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের বাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাজারের ১০৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাজারের কাপড়পট্টির একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোটা মার্কেটে আগুন লেগে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আক্তারুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে দেখি আমার দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরের কোনো মালামালই বের করতে পারিনি। আগুনে আমার সব শেষ হয়ে গেল, আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকা-ে ১০৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউএনও আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারিভাবে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

